
কলকাতা, ১৩ মে ( হি.স.): প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বসু প্রয়াত। কলকাতা ময়দানে, টুটু বসু নামে পরিচিত এই ক্রীড়া প্রশাসক, গতকাল রাত ১২টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবারই তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়।
টুটু বসুর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শোকবার্তায় তিনি জানান, প্রয়াত স্বপন সাধন বসু (টুটু বসু) ভারতীয় ফুটবল ও মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব পরিবারের এক অবিস্মরণীয় নাম। সবুজ-মেরুনের সাফল্য, আধুনিকীকরণ ও ঐতিহ্য রক্ষায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ক্রীড়া প্রশাসক, সাংসদ ও সংগঠক হিসেবে তিনি বাংলার ক্রীড়াজগতে এক অনন্য অধ্যায়ের সৃষ্টি করেছেন। তাঁর প্রয়াণে ভারতীয় ফুটবল তথা বাংলার ক্রীড়াঙ্গনের অপূরণীয় ক্ষতি হল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত