
লখনউ, ১৩ মে (হি.স.): অকালেই প্রয়াত হয়েছেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছেলে তথা অখিলেশ যাদবের সৎ ভাই প্রতীক যাদব। বুধবার সকালে লখনউয়ের সিভিল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। প্রতীকের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স মাধ্যমে শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানান, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের পুত্র এবং উত্তর প্রদেশ রাজ্য মহিলা কমিশনের ভাইস-চেয়ারপার্সন অপর্ণা যাদবের স্বামী প্রতীক যাদবের আকস্মিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।
উল্লেখ্য, প্রতীকের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, তিনি সম্প্রতি ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। পুলিশ মৃত্যুর আসল কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রতীক যাদব মুলায়ম সিং যাদবের দ্বিতীয় স্ত্রী সাধনা গুপ্তার ছেলে। তিনি বিজেপি নেত্রী তথা উত্তর প্রদেশের রাজ্য মহিলা কমিশনের সহ-সভাপতি অপর্ণা যাদবের স্বামী। পরিবার আদ্যোপান্ত রাজনীতির সঙ্গে যুক্ত হলেও যাদব পরিবারের অন্য সদস্যদের মতো মুলায়মের কনিষ্ঠ পুত্র সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। বরং ব্যবসা এবং ফিটনেস জগতের সঙ্গে যুক্ত ছিলেন প্রতীক। লখনউ এবং আশপাশের এলাকায় তাঁর রিয়েল এস্টেট ও ফিটনেস সংক্রান্ত ব্যবসা ছিল। পাশাপাশি পশুপ্রেমী হিসেবেও পরিচিত ছিলেন প্রতীক।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ