
কলকাতা, ১৫ মে (হি. স.): প্রথম ডিভিশন চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিনের শেষে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিল টাউন ক্লাব। প্রথম ইনিংসে লিড পাওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে বড় রান তুলে মোহনবাগানকে কার্যত কোণঠাসা করে ফেলেছে তারা। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস মাঠে চতুর্থ দিনের শেষে টাউন ক্লাবের লিড দাঁড়িয়েছে ২৪০ রান।
খেলার প্রথম ইনিংসে ৪০৩ রান তুলেছিল টাউন ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে মোহনবাগান ৩৫৩ রানে অলআউট হয়ে যায়। টাউনের হয়ে দুরন্ত বোলিং করেন দীপাংশ চৌহান; তিনি ২৭.৫ ওভারে মাত্র ৭২ রান খরচ করে ৫টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। রাহুল প্রসাদ নেন ২টি উইকেট। মোহনবাগানের পক্ষে বিবেক সিংহ ৭৫ (১২২ বল) এবং শাকির হাবিব গান্ধী ৫১ (১৩২ বল) রান করলেও প্রথম ইনিংসে ৫০ রানের লিড পাওয়া থেকে দলকে আটকাতে পারেননি।
গুরুত্বপূর্ণ ৫০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাউনের দুই ওপেনার অঙ্কুর পাল ও ঐশিক পটেল মোহনবাগান বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন। দিনের শেষে ৫৪ ওভার খেলে কোনো উইকেট না হারিয়েই ১৯০ রান তুলে নিয়েছে টাউন ক্লাব। ওপেনার অঙ্কুর পাল ১৫৩ বলে ১০৯ রান করে অপরাজিত রয়েছেন। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন ঐশিক পটেল, যিনি ১৭২ বলে ৫৪ রান করে ক্রিজে টিকে আছেন।
ম্যাচের শেষ দিনে হাতে ১০ উইকেট নিয়ে ২৪০ রানে এগিয়ে থাকা টাউন ক্লাব এখন কার্যত জয়ের দোরগোড়ায়। আগামীকাল মোহনবাগানের সামনে বিশাল রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেওয়ার লক্ষ্যে নামবে টাউন ক্লাব।
সংক্ষিপ্ত স্কোর:
টাউন ক্লাব (প্রথম ইনিংস): ৪০৩/১০ (১৩৯.৩ ওভার)
মোহনবাগান (প্রথম ইনিংস): ৩৫৩/১০ (১২৮.৫ ওভার)
টাউন ক্লাব (দ্বিতীয় ইনিংস): ১৯০/০ (৫৪ ওভার) — অঙ্কুর পাল ১০৯*, ঐশিক পটেল ৫৪*
টাউন ক্লাব ২৪০ রানে এগিয়ে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত