
দেহরাদূন, ১৫ মে (হি.স.): বদ্রীনাথ ও কেদারনাথ ধামে প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম তীর্থযাত্রীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে দর্শনের বিশেষ ব্যবস্থা চালু করল বদ্রীনাথ-কেরানাথ মন্দির কমিটি। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জারি করা হয়েছে।
শুক্রবার মন্দির কমিটির নির্দেশে প্রধান কার্যনির্বাহী সোহন সিং রাংগড় এই সংক্রান্ত আদেশ জারি করেন। এদিন কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভক্তদের নিরাপদ, সম্মানজনক ও সহজ দর্শনের জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী নির্দিষ্ট চারটি স্লটে প্রতিটি সময়ে ৫০ জন করে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভক্তকে দর্শনের সুযোগ দেওয়া হবে। সকাল ৮টা থেকে ৮:১৫, ১০টা থেকে ১০:১৫, বিকেল ৩টা থেকে ৩:১৫ এবং ৪:৪৫ থেকে ৫টা পর্যন্ত এই সময় নির্ধারণ করা হয়েছে।
৭০ বছরের বেশি বয়সী তীর্থযাত্রীদের আধার কার্ড ও রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই সুবিধা দেওয়া হবে। বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি যাচাই করে অগ্রাধিকার দেওয়া হবে। মন্দির কর্মীরা দর্শনে সহায়তা করবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য