
পাটনা, ১৫ মে (হি.স.): বিহার বিধানসভার সংসদীয় কাজ পরিচালনার লক্ষ্যে ক্ষমতাসীন জোটের বিধায়কদের মুখ্য সচেতক, উপ-মুখ্য সচেতক এবং সচেতক পদে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন প্রসঙ্গে উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বিহার বিধানসভার অধ্যক্ষকে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন।
নতুন এই তালিকায় দিঘা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঞ্জীব চৌরাসিয়াকে বিহার বিধানসভায় 'মুখ্য সচেতক' করা হয়েছে। পাশাপাশি, বরৌলি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মঞ্জিত কুমার সিং মনোনীত হয়েছেন 'উপ-মুখ্য সচেতক' হিসেবে।
এছাড়াও বেশ কয়েকজন বিধায়ককে 'সচেতক' পদে নিযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন— পরিহারের বিধায়ক গায়ত্রী দেবী, গোবিন্দগঞ্জের রাজু তিওয়ারি, পিপরা কেন্দ্রের রাম বিলাস কামত, হরলাখির সুধাংশু শেখর, মধুবনের রানা রণধীর, সুলতানগঞ্জের ললিত নারায়ণ মন্ডল, বনমনখির কৃষ্ণ কুমার ঋষি, মসৌঢ়ির অরুণ মাঝি এবং পাটনা সাহেবের বিধায়ক রত্নেশ কুমার।
সংসদীয় গণতন্ত্রে কক্ষের শৃঙ্খলা রক্ষা এবং দলের সদস্যদের উপস্থিতি ও ভোটদান সুনিশ্চিত করতে এই সচেতক পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনিযুক্ত এই আধিকারিকরা এখন থেকে বিধানসভায় শাসক জোটের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি