
কলকাতা, ১৫ মে(হি.স.): এসে গেল ফিফা ফুটবল বিশ্বকাপ। আনন্দে মশগুল বিশ্ব ফুটবলপ্রেমীরা। কিন্তু তাহলে কি হবে। বিশ্বকাপ ফুটবল সুষ্ঠুভাবে হবে তো? এই প্রশ্নটাই এখন দেখা দিয়েছে।
কারণ গবেষকরা বৃহস্পতিবার সতর্ক করে দিয়েছেন যে, ২০২৬ বিশ্বকাপের প্রতি চারটি ম্যাচের মধ্যে একটি প্রচণ্ড গরম আবহাওয়ায় অনুষ্ঠিত হতে পারে, কারণ ১৯৯৪ সালের টুর্নামেন্টটি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হওয়ার পর থেকে জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর আমেরিকায় চরম তাপপ্রবাহের ঝুঁকি বেড়েছে।
এই তাপপ্রবাহ নিয়ে উদ্বেগের কারণে ফিফা ইতিমধ্যেই বিশ্বকাপের ১৬টি স্টেডিয়ামে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচগুলোর প্রতিটি অর্ধে একটি শীতলীকরণ বিরতি বাধ্যতামূলক করেছে।
জলবায়ু বিজ্ঞানীদের একটি নেটওয়ার্ক, ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন(ডাবলু ডাবলু এ), এক বিবৃতিতে বলেছে, একই মহাদেশে অনুষ্ঠিত ১৯৯৪ সালের টুর্নামেন্টের তুলনায় ২০২৬ সালের বিশ্বকাপে খেলোয়াড় এবং ভক্তরা অসহনীয় গরম ও আর্দ্রতার অনেক বেশি ঝুঁকির সম্মুখীন হবেন।
ডাবলু ডাবলু এ -এর বৈজ্ঞানিকদের বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ২৬টি এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে পারে, যেখানে ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার অন্তত ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
২৬ ডিগ্রি সেলসিয়াস ডব্লিউবিজিটি তাপমাত্রায়, আন্তর্জাতিক ফুটবলারদের ইউনিয়ন ফিফপ্রো খেলোয়াড়দের জন্য তাপজনিত চাপের ঝুঁকি বেড়ে যাওয়ায় শরীর ঠান্ডা করার বিরতি নেওয়ার পরামর্শ দেয়।
ঠিক হয়েছে ২৬টি ম্যাচের মধ্যে ১৭টি শীতলীকরণ ব্যবস্থা সম্পন্ন স্টেডিয়ামে খেলা হবে, যা খেলোয়াড় ও দর্শকদের ঝুঁকি কমাবে।
এদিকে বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রীড়া যজ্ঞের বিশ্বকাপ ফাইনালের মতো একটি ম্যাচ 'বাতিলযোগ্য' তীব্র গরমে অনুষ্ঠিত হওয়ার ঝুঁকি রয়েছে, তা ফিফা এবং ভক্তদের জন্য একটি সতর্কবার্তা হওয়া উচিত,
বলেছেন,ডব্লিউডব্লিউএ-এর সহ-প্রতিষ্ঠাতা এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ু বিজ্ঞানের অধ্যাপক ফ্রিডেরিকে অটো।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি