
কল্যাণী, ১৫ মে (হি. স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আই লিগ ২-এর ২০২৫-২৬ মরসুমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল দিল্লি ফুটবল ক্লাব। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে ঘরের মাঠে ইউনাইটেড এসসি-র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে খেতাব নিশ্চিত করার পাশাপাশি ইন্ডিয়ান ফুটবল লিগের (আইএফএল) মূল পর্বে জায়গা করে নিল দিল্লির দলটি। একই সঙ্গে লিগ টেবিলের দ্বিতীয় দল হিসেবে আইএফএলে উন্নীত হল এফসি বেঙ্গালুরু ইউনাইটেড।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে ইউনাইটেড এসসি। এম আমিল নইম এবং সুময় সোমেদের একের পর এক জোরালো আক্রমণ দক্ষতার সঙ্গে রুখে দিয়ে দলের ত্রাতা হয়ে দাঁড়ান দিল্লির গোলরক্ষক লালমুয়ানসাঙ্গা। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির ঠিক পরেই ৫৪ মিনিটে কাঙ্ক্ষিত সাফল্য পায় ইউনাইটেড। কর্নার থেকে উড়ে আসা বলে নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে দেন সুসোভন ঘোষ।
পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে দিল্লি। ৬৭ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। আকাশ তিরকের পাস থেকে বল পান স্যামসন কেশিং, যা তিনি বাড়িয়ে দেন হিমাংশু জাংরার দিকে। লিগের সর্বোচ্চ গোলদাতা হিমাংশু এই সহজ সুযোগ নষ্ট করেননি। তাঁর গোলেই সমতায় ফেরে দিল্লি। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল, যা দিল্লি এফসি-কে চ্যাম্পিয়নের শিরোপা এনে দেয়। অন্যদিকে, এই ড্রয়ের ফলে দেশের দ্বিতীয় স্তরের ফুটবল লিগে ফেরার জন্য ইউনাইটেড এসসি-র ১২ বছরের দীর্ঘ অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো।
দিনের অন্য ম্যাচে মুম্বইয়ে ১-১ ড্র করে এফসি বেঙ্গালুরু ইউনাইটেড তাদের প্রোমোশন নিশ্চিত করেছে। গোল পার্থক্যে সামান্য পিছিয়ে থাকায় ইউনাইটেড এসসি-কে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করতে হয়েছে। অন্যদিকে, গুরুত্বপূর্ণ এক পয়েন্ট সংগ্রহ করে অবনমন এড়াতে সক্ষম হয়েছে জিএম এসসি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত