
নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): হরমুজ প্রণালী নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার তিনি জানান, যুদ্ধরত দেশের জাহাজ বাদে অধিকাংশ জাহাজের জন্য এই সামুদ্রিক পথ নিরাপদ ও খোলা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপদ যাত্রার ব্যবস্থা করা হয় বলেও জানান তিনি।
ব্রিকস গোষ্ঠীভুক্ত বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লিতে এসে সাংবাদিক বৈঠকে আরাঘচি বলেন, “হরমুজ প্রণালী খোলা রয়েছে, তবে কিছু পরিস্থিতিতে নিরাপত্তার কারণে আমাদের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় প্রয়োজন হয়।” তিনি দাবি করেন, বহু ভারতীয় জাহাজকেও নিরাপদে পারাপারের সহায়তা করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। তাঁর মতে, সমস্যার সমাধান কেবল কূটনীতি ও পারস্পরিক লাভজনক চুক্তির মাধ্যমেই সম্ভব।
আরাঘচি ভারত ও ইরানের সম্পর্ক প্রসঙ্গে বলেন, দুই দেশই প্রাচীন সভ্যতা এবং পরস্পরের স্বার্থ ও উদ্বেগ অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। চাবাহার বন্দরের উন্নয়ন নিয়েও তিনি মন্তব্য করেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে গতি কিছুটা কমলেও ভবিষ্যতে এটি ভারতকে মধ্য এশিয়া ও ইউরোপের সঙ্গে যুক্ত করার গুরুত্বপূর্ণ পথ হতে পারে।
তিনি আরও জানান, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র চায় না এবং তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য