
নামচি, ১৫ মে (হি.স.): সিকিম সফরের দ্বিতীয় দিনে নামচি জেলার বিখ্যাত তিমি চা বাগান পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রাজ্যের একমাত্র এই চা বাগানে গিয়ে মন্ত্রী কেবল সময় কাটাননি, বরং চা শ্রমিকদের সঙ্গে কোমর বেঁধে চা পাতাও তোলেন। এদিন শ্রমিকদের সঙ্গে তাঁর নেপালি ভাষায় আলাপচারিতা বাগান এলাকায় এক বিশেষ হৃদ্যতার পরিবেশ তৈরি করে।
সরকারি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বৃহস্পতিবার গভীর রাতে তিন দিনের সফরে সিকিমে পৌঁছেছেন। সফরের দ্বিতীয় দিনে তিনি তিমি চা বাগান পরিদর্শনে যান। সেখানে চা শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় সিকিমের বিশ্ববিখ্যাত চা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য তাঁদের কঠোর পরিশ্রম ও অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি। চা পাতা তোলার অভিজ্ঞতা নেওয়ার পাশাপাশি শ্রমিকদের কাজের গতি এবং দক্ষতারও প্রশংসা করেন মন্ত্রী।
এই সফরের অন্যতম আকর্ষণ ছিল শ্রমিকদের সঙ্গে মন্ত্রীর সাবলীল নেপালি ভাষায় কথাবার্তা। ভিনরাজ্যের একজন কেন্দ্রীয় মন্ত্রীর মুখে নিজেদের মাতৃভাষা শুনে খুশি ও আপনত্বের মেজাজ তৈরি হয় বাগান চত্বরে। তিন দিনের এই সফরে মন্ত্রী সিকিমের আরও বিভিন্ন স্থান পরিদর্শন করবেন এবং একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি