
নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরে রিজিজু। শুক্রবার তিনি বলেন, প্রতিটি সাংসদেরই দেশের আইন ও নিয়ম মেনে চলা বাধ্যতামূলক, বিশেষ করে সংসদ সদস্যদের ক্ষেত্রে এই দায়িত্ব আরও বেশি।
রিজিজু জানান, কোনও সাংসদ বিদেশ সফরে গেলে লোকসভা বা রাজ্যসভার সচিবালয়কে অন্তত তিন সপ্তাহ আগে জানানো বাধ্যতামূলক। এটি অনুমতির বিষয় নয়, বরং পূর্ব তথ্য জানানোর নিয়ম। তাঁর দাবি, রাহুল গান্ধীর ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি বলেই প্রশ্ন উঠছে।
তিনি আরও বলেন, কোনও সাংসদ বিদেশে আতিথ্য গ্রহণ করলে সেই ব্যয় এফসিআরএ আইনের আওতায় আসে এবং তা স্বরাষ্ট্র মন্ত্রকে জানানো প্রয়োজন। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, রাহুল গান্ধীর ২০০৪ সাল থেকে বহু বিদেশ সফর রয়েছে এবং এসব সফরের সময়কাল ও ব্যয়ের বিষয়েও স্বচ্ছতা থাকা উচিত।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আইন সবার জন্য সমান, তাই সাংসদদের ক্ষেত্রেও নিয়ম মানা বাধ্যতামূলক।”
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য