
কাঠমান্ডু, ১৫ মে (হি.স.): নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগ দাবি করলেন দেশটির বিরোধী দল শ্রম সংস্কৃতি পার্টির সভাপতি হর্ক সামপাং। তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী সংসদের মর্যাদা লঙ্ঘন করছেন এবং গুরুত্বপূর্ণ অধিবেশনগুলোতে অনুপস্থিত থেকে দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন।
বিরোধী সাংসদের দাবি, ১১ মে রাষ্ট্রপতির নীতি ও কর্মসূচি পেশের সময় প্রধানমন্ত্রী সংসদ থেকে বেরিয়ে যান। এরপর ১৩ মে আলোচনার সময়ও তিনি উপস্থিত ছিলেন না, যদিও পাশের অফিস থেকে অধিবেশন দেখছিলেন বলে অভিযোগ করা হয়।
সামপাং বলেন, “জনতার সর্বোচ্চ প্রতিনিধি প্রতিষ্ঠানের প্রতি এই আচরণ সংসদীয় ইতিহাসে কালো দাগ।” তাঁর মতে, যে ব্যক্তি সাংবিধানিক দায়িত্ব পালন করতে ব্যর্থ, তাঁর নৈতিকভাবে পদত্যাগ করা উচিত।
তিনি আরও অভিযোগ করেন, সরকার অধ্যাদেশের মাধ্যমে সংসদকে পাশ কাটিয়ে চলছে এবং দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য