
নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): পঞ্জাবে এসআইআর ঘিরে বিরোধীদের অবস্থানকে তীব্র আক্রমণ করল বিজেপি। শুক্রবার বিজেপির তরফে বলা হয়েছে, পঞ্জাবে সম্ভাব্য পরাজয়ের আশঙ্কা থেকেই কংগ্রেস ও আম আদমি পার্টি (এএপি) এই সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে। বিজেপি নেতা ও জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ বলেন, নির্বাচন কমিশনের উদ্যোগে ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে, যার মধ্যে পঞ্জাবও রয়েছে, এই এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে। এর উদ্দেশ্য ভোটার তালিকা স্বচ্ছ করা, ভুয়ো ও ডুপ্লিকেট নাম বাদ দেওয়া এবং প্রকৃত ভোটারদের অধিকার সুরক্ষিত করা।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশে মোট ১৩ বার এই ধরনের গঠনমূলক এসআইআর হয়েছে, যার বেশিরভাগই কংগ্রেস শাসনকালে। যা আগে গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল, আজ তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে।
চুগ আরও বলেন, বিরোধীদের উচিত এই প্রক্রিয়ায় অংশ নিয়ে ভোটার তালিকা যাচাইয়ে সহযোগিতা করা। ভুয়ো ও অযোগ্য নাম বাদ দিয়ে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করাই এই অভিযানের লক্ষ্য।
বিজেপির তরফে জানিয়েছে, তারা এই এসআইআর প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করবে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা নেবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য