
কলকাতা, ১৫ মে (হি. স. ) : নতুন সরকার গঠনের প্রথম সপ্তাহেই বাংলাকে বড় উপহার দিল কেন্দ্র। নিউ জলপাইগুড়ি থেকে শুরু করে জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চলের রেলের পরিকাঠামো উন্নয়নে তিনটি প্রকল্পের অনুমোদন দিল রেলমন্ত্রক।
তিনটি আলাদা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনার সূত্র ধরেই রেল প্রকল্পগুলিতে গতি আনতে সবুজ সংকেত দেওয়া হয়েছে। চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন রেলমন্ত্রী। শুক্রবার রাজ্য বিজেপি ওই তিনটি চিঠি যুক্ত করেছে তাদের মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে।
উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত ৭.১৫ কিলোমিটার নতুন রেললাইন প্রকল্পের ডবল লাইন কাজের অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। যার ফলে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে ট্রেন পরিষেবায় গতি আসবে।
আরও একটি বড় ঘোষণা করেছে রেলমন্ত্রক। সাঁতরাগাছি থেকে খড়গপুর হয়ে রাজস্থানের জয়পুর পর্যন্ত নতুন এক্সপ্রেস ট্রেন চালুর সিদ্ধান্ত। এর ফলে পশ্চিমবঙ্গ ও রাজস্থানের মধ্যে সরাসরি রেল যোগাযোগ আরও শক্তিশালী। পর্যটন, ব্যবসা ও কর্মসূত্রে যাতায়াতের ক্ষেত্রেও এই ট্রেন বিশেষ সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।
পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা রেললাইন প্রকল্প তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শালবনি থেকে আঁড়া পর্যন্ত প্রায় ১০৭ কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। রেল সূত্রের খবর, তৃতীয় লাইন তৈরি হলে মালগাড়ি চলাচল আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত