
নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।
শনিবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত এক বার্তায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ১৯৭৫ সালে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে সিকিম শান্তি, অগ্রগতি ও সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি বলেন, হিমালয়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, প্রাণবন্ত ঐতিহ্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার ভারতের চেতনাকে আরও সমৃদ্ধ করে চলেছে। বার্তায় সিকিমের মানুষের সুখ, সমৃদ্ধি এবং আগামী দিনগুলিতে ধারাবাহিক উন্নতি কামনা করেছেন মল্লিকার্জুন খাড়গে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৬ মে ভারতের ২২তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে সিকিম। প্রতি বছর দিনটি রাজ্যে ‘স্টেটহুড ডে’ হিসেবে উদযাপিত হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য