সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের শুভেচ্ছা বার্তা
নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা-সহ কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সিকিমের উন্নয়ন ও অর্জনের প্
সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের শুভেচ্ছা বার্তা


নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা-সহ কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সিকিমের উন্নয়ন ও অর্জনের প্রশংসা করেছেন। উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৬ মে সিকিম ভারতের ২২তম রাজ্য হিসেবে যুক্ত হয়।

শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ বার্তায় বলেন, সিকিম তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিবেশ সংরক্ষণের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির কারণে টেকসই উন্নয়নের একটি আদর্শ মডেল হয়ে উঠেছে। তিনি বলেন, রাজ্যের মানুষ তাঁদের সহজ-সরল জীবনযাপন, আন্তরিকতা ও সৌহার্দ্যের জন্য পরিচিত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিমবাসীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ভারতের উন্নয়নে সিকিমের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রাজ্যবাসীর সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রী আরও জানান, সম্প্রতি সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ তাঁর হয়েছিল, যা তাঁর স্মৃতিতে বিশেষভাবে থেকে যাবে।

লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা সিকিমকে কঞ্চনজঙ্ঘার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং সম্পূর্ণ জৈব চাষের জন্য বিশেষভাবে পরিচিত বলে উল্লেখ করেন। তিনি বলেন, পর্যটন, পরিচ্ছন্নতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে সিকিম দেশের জন্য অনুকরণীয় উদাহরণ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যম ‘এক্স’-এ বলেন, বিশ্বের প্রথম সম্পূর্ণ জৈব রাজ্য হিসেবে সিকিম পার্বত্য পর্যটনকে নতুন পরিচয় দিয়েছে এবং এর সাফল্য দেশবাসীকে অনুপ্রাণিত করছে।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের প্রশংসা করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান এবং মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-এর নেতৃত্বে রাজ্যের ধারাবাহিক উন্নয়নের কামনা করেন।

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, সিকিম শান্তি, সম্প্রীতি ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক এবং রাজ্যটি ক্রমাগত উন্নতির পথে এগিয়ে চলুক।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও সিকিমবাসীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজ্য তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande