মণিপুরে ২০ মে থেকে শুরু এসআইআর প্রক্রিয়া
ইমফল, ১৬ মে (হি.স.) : ভারতের নির্বাচন কমিশন আগামী ২০ মে থেকে মণিপুরে তৃতীয় পর্যায়ে শুরু করছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন, সংক্ষেপে এসআইআর) প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে প্রকাশিত এক সরকা
এসআইআর_প্রতিনিধিত্বমূলক চিত্র


ইমফল, ১৬ মে (হি.স.) : ভারতের নির্বাচন কমিশন আগামী ২০ মে থেকে মণিপুরে তৃতীয় পর্যায়ে শুরু করছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন, সংক্ষেপে এসআইআর) প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ খবর দিয়ে জানানো হয়েছে, ১ জুলাই ২০২৬-কে যোগ্যতার তারিখ নির্ধারণ করে এসআইআর-এর তৃতীয় পর্যায়ে শুরু হবে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে রাজ্যজুড়ে প্রায় ২,৯৯৬ জন বুথ লেভেল অফিসার (বিএলও) ৩০ মে থেকে ২৮ জুন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে যাচাই ও তথ্য সংগ্রহের কাজ চালাবেন, যাতে ভোটারদের তথ্য হালনাগাদ (আপডেট) ও যাচাই করা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ মে থেকে ২৯ মে পর্যন্ত আধিকারিকদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় নথিপত্র মুদ্রণ সহ প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি, ২৮ জুনের মধ্যে ভোটকেন্দ্রগুলির পুনর্বিন্যাসের কাজও শেষ করা হবে।

খসড়া ভোটার তালিকা ৫ জুলাই প্রকাশ করা হবে। এর পর ৫ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত দাবি ও আপত্তি জমা দেওয়া যাবে। দাবি ও আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। চূড়ান্ত ভোটার তালিকা ৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা সংশ্লিষ্ট বিএলও--দের কাছ থেকে এনুমারেশন ফর্ম সংগ্রহ করতে পারবেন, অথবা কমিশনের অনলাইন পোর্টাল থেকেও তা ডাউনলোড করতে পারবেন। পূরণকৃত ফর্ম বিএলও-দের কাছে সরাসরি জমা দেওয়া যাবে অথবা অনলাইনেও আপলোড করা যাবে।

স্বচ্ছতা নিশ্চিত করা এবং সংশোধন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলিকেও বুথ লেভেল এজেন্ট (বিএলএ) নিয়োগ করার আহ্বান জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande