
গ্যাংটক, ১৬ মে (হি.স.) : শনিবার সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন, সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর এবং মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। এদিন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের সহায়তায় প্রায় ২২৩ কোটি টাকার ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়।
জানা গেছে , কেন্দ্রীয় মন্ত্রী নেপালি ভাষায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, “সিকিম এমন একটি রাজ্য, যেখানে উন্নয়ন, প্রকৃতি, সংস্কৃতি এবং পরিচয় একসঙ্গে এগিয়ে চলেছে।” তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে সিকিম আজ টেকসই উন্নয়ন, জৈব কৃষি, পর্যটনভিত্তিক অর্থনীতি এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে দেশের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।
এদিন ‘এনইএসআইডিএস-রোডস’ প্রকল্পের আওতায় ৪৫ কোটিরও বেশি টাকার একাধিক সংযোগ প্রকল্পের উদ্বোধন করা হয়। এর মধ্যে ছিল এনএইচ-১০-কে আইবিপি রোডের সঙ্গে যুক্তকারী সেতু প্রকল্প, পাকিয়ং জেলায় রোংরোং নদীর উপর সংযোগ সড়ক এবং নামচি জেলায় রংপো খোলার উপর যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প।
এছাড়াও গেজিং জেলায় ১৫.৮ কিলোমিটার দীর্ঘ রিম্বি খোলা-ইউকসোম সড়কের সংস্কার ও পিচ ঢালাই প্রকল্পের শিলান্যাস করা হয়। প্রায় ২৪.৫২ কোটি টাকার এই প্রকল্প পর্যটন ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘মিশন সিকিম অর্গানিক্স’-এর সূচনা। প্রায় ৩৬০ কোটি টাকার এই প্রকল্পের লক্ষ্য, সিকিমকে শুধুমাত্র জৈব উৎপাদক রাজ্য হিসেবেই নয়, বিশ্বমানের প্রিমিয়াম অর্গানিক অর্থনীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলা। কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই প্রকল্পে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক ৮৫ কোটি টাকা সহায়তা করবে।
তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে জৈব পণ্যের সার্টিফিকেশন, প্রক্রিয়াকরণ, ব্র্যান্ডিং, রফতানি বাজার এবং মূল্য শৃঙ্খলা আরও শক্তিশালী করা হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে বড় এলাচ ও আদার মতো কৃষিপণ্যের ভ্যালু চেন গড়ে তোলার ওপর।
এদিন জল সরবরাহ, শিক্ষা, পর্যটন, শিল্প ও পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, এই সমস্ত প্রকল্প সিকিম এবং উত্তর-পূর্বাঞ্চলের সামগ্রিক উন্নয়নের ভিত আরও মজবুত করবে।
সিকিমের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে সিন্ধিয়া জানান, কেন্দ্রীয় সরকার, সিকিম সরকার এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতীন গডকড়ী-র সহযোগিতায় এনএইচ-১০-এর বিকল্প রাস্তা তৈরির কাজও এগিয়ে চলছে, যাতে সারা বছর নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখা যায়।
রাজ্য প্রতিষ্ঠা দিবসে সিকিমবাসীকে শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “সিকিম আকাঙ্ক্ষা ও আত্মপরিচয়ের এক অনন্য সমন্বয়ের প্রতীক।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিটি উদ্যোগ ভবিষ্যতেও রাজ্যের মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির পথকে আরও সুদৃঢ় করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য