নিট পরীক্ষার বিরুদ্ধে তামিলনাড়ু জুড়ে বিক্ষোভ , সামিল একাধিক রাজনৈতিক দল
চেন্নাই, ১৬ মে (হি.স.) : মেডিক্যাল পাঠ্যক্রমে ভর্তির জন্য অনুষ্ঠিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) বাতিলের দাবিতে শনিবার তামিলনাড়ু জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হল। দ্রাবিড় কাজগমের ডাকে রাজ্যের সমস্ত জেলা সদরেই এই আন্দোলনের আয়োজন
নিট পরীক্ষার বিরুদ্ধে তামিলনাড়ু জুড়ে বিক্ষোভ  , সামিল একাধিক রাজনৈতিক দল


চেন্নাই, ১৬ মে (হি.স.) : মেডিক্যাল পাঠ্যক্রমে ভর্তির জন্য অনুষ্ঠিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) বাতিলের দাবিতে শনিবার তামিলনাড়ু জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হল। দ্রাবিড় কাজগমের ডাকে রাজ্যের সমস্ত জেলা সদরেই এই আন্দোলনের আয়োজন করা হয়। বিক্ষোভে অংশ নেন বিপুল সংখ্যক পড়ুয়া, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা।

রাজধানী চেন্নাইয়ের এগমোরে রাজরথিনম ময়দানের কাছে অনুষ্ঠিত মূল বিক্ষোভের নেতৃত্ব দেন দ্রাবিড় কাজগমের সভাপতি কে . ভীরামনি । বিক্ষোভকারীরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে স্থায়ীভাবে নিট পরীক্ষা বাতিলের দাবি জানান।

দ্রাবিড় কাজগম নেতৃত্বের অভিযোগ, নিট পরীক্ষার ফলে গ্রামীণ এলাকা এবং আর্থিকভাবে দুর্বল পরিবারের পড়ুয়ারা সমান সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের দাবি, প্রতি বছর পরীক্ষাকে ঘিরে অনিয়ম, প্রশ্নফাঁস বা পুনরায় পরীক্ষা নেওয়ার মতো ঘটনা পড়ুয়াদের উপর মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে এবং ভবিষ্যতের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।

বিক্ষোভকারীদের বক্তব্য, রাজ্য বোর্ডের ছাত্রছাত্রীদের পক্ষে জাতীয় স্তরের এই পরীক্ষায় প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়ছে। এর ফলে সামাজিক ও শিক্ষাগত বৈষম্য আরও বাড়ছে।

চেন্নাইয়ের এই বিক্ষোভে দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) এবং শরিক দলগুলির একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। ডিএমকের পক্ষ থেকে অংশ নেন দলের মুখপাত্র টি কে এস এলানগোভান। এছাড়াও বিদুথলাই চিরুথিগল কাছির রাজ্য কোষাধ্যক্ষ এস. এস. বালাজি, সিপিআই(এম), সিপিআই এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের নেতাকর্মীরাও বিক্ষোভে সামিল হন।

উল্লেখ্য, ৩ মে দেশজুড়ে অনুষ্ঠিত নিট পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা বাতিল করে আগামী ২১ জুন পুনরায় ‘রি-নিট’ পরীক্ষার ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের পর থেকেই পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

এদিকে, কেন্দ্র সরকার আগামী বছর থেকে ওএমআর শিটের পরিবর্তে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে নিট পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথাও ঘোষণা করেছে। বর্তমানে জেইই মেইন-সহ একাধিক প্রবেশিকা পরীক্ষা অনলাইনে নেওয়া হয় এবং সেই ধাঁচেই নিট পরীক্ষাকেও অনলাইন ব্যবস্থায় আনার প্রস্তুতি চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande