
সিওয়ান, ১৬ মে (হি.স.) : বিহারের সিওয়ান জেলার সিসওয়ান থানা এলাকার গিয়াসপুর গ্রামের একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজনের উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শনিবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মৃতদের মধ্যে রয়েছেন গিয়াসপুর গ্রামের বাসিন্দা প্রেমলাল শ্রীবাস্তবের পুত্র মণীশ শ্রীবাস্তব, তাঁর স্ত্রী কঞ্চন দেবী, ১৬ বছরের কন্যা আস্থা কুমারী এবং ১১ বছরের কন্যা অদিতি কুমারী। অপর এক মৃত ব্যক্তি পরিবারের আত্মীয় বলে জানা গিয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মণীশ শ্রীবাস্তব হরিয়ানার ফরিদাবাদে পরিবারসহ বসবাস করতেন। চার দিন আগে তিনি ছাপরা জেলার মাড়হৌরা এলাকায় মায়ের বাড়িতে ব্রহ্মভোজ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। অনুষ্ঠান শেষে শনিবার তিনি স্ত্রী ও দুই কন্যাসহ দিল্লির উদ্দেশে রওনা দেন।
পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের কন্দরাপুর থানা এলাকার মাইলস্টোন ২৩৮-এর কাছে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এরপর গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা মারে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মণীশ শ্রীবাস্তবের পরিচয়পত্রে গিয়াসপুর গ্রামের ঠিকানার পাশাপাশি ফরিদাবাদের ঠিকানাও পাওয়া যায়। ফরিদাবাদের ঠিকানায় পুলিশ গেলে বাড়িতে তালা ঝুলতে দেখা যায়।
পরবর্তীতে আজমগড় পুলিশ সিওয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরিবারকে খবর দেয়। দুর্ঘটনার খবর পেয়ে মৃতের বড় ভাই জীবন শ্রীবাস্তব ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। গ্রামে এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য