
গুয়াহাটি, ১৭ মে (হি.স.) : অসমের আবাসন ও নগর বিষয়ক দফতরের কাজকর্মের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ইত্যাদি নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। বৈঠকে গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন, গুয়াহাটি মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, গুয়াহাটি জল বোর্ড এবং আমরুত মিশন-এর অধীনে বাস্তবায়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে মুখ্যমন্ত্রী নাগরিক-কেন্দ্রিক নগর উন্নয়নের ওপর জোর দিয়ে বিশুদ্ধ পানীয় জলের সহজলভ্যতা, আকস্মিক বন্যা মোকাবিলা, স্যানিটেশন পরিকাঠামো উন্নয়ন এবং উন্মুক্ত জনপরিসর গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এছাড়া, নগর পরিকাঠামো উন্নয়ন এবং গুয়াহাটিকে দেশের অন্যতম প্রধান মহানগরীতে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ নাগরিক প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পর্যালোচনা বৈঠকে দীর্ঘমেয়াদি নগর বন্যা প্রতিরোধ ব্যবস্থা, গুয়াহাটি এবং পার্শ্ববর্তী এলাকায় স্যাটেলাইট টাউনশিপ সম্প্রসারণ, অসমের অন্যান্য শহর ও নগরে স্যানিটেশন সুবিধা আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে।
মুখ্যমন্ত্রী ড. শর্মা বিভিন্ন দফতর ও সংস্থার মধ্যে সঠিক সমন্বয়ের গুরুত্বের ওপর জোর দিয়ে প্রকল্প বাস্তবায়ন আরও উন্নত করতে দক্ষ পেশাদার এবং বেসরকারি খাতের বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশ, অসমের শহুরে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নকে লক্ষ্য রেখে ফলাফলভিত্তিক কর্মপদ্ধতি গ্রহণ করতে হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস