
খেজুরি, ১৭ মে (হি. স.) : ভোট পরবর্তী অশান্তিতে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়ে ফেরার পথে বিজেপির মিছিল থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল। খেজুরির হিজলি ও বিদ্যাপীঠে 'আক্রান্ত'দের ত্রাণ দিয়ে ফিরছিলেন শুভঙ্কর-সহ কংগ্রেস নেতৃত্ব। অভিযোগ, পথেই বিজেপির বিজয় মিছিল থেকে শুভঙ্কর এবং কংগ্রেস নেতৃত্বের মোট তিনটি গাড়িতে হামলা চালানো হয়েছে। এই নিয়ে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে বিশদে জানিয়েছেন শুভঙ্কর সরকার|
তিনি লেখেন, আজ খেজুরির হিজলি ও বিদ্যাপীঠে ভোট পরবর্তী সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত, আগুনে ঘরবাড়ি ভস্মীভূত হয়ে ঘরছাড়া হয়ে পড়া পরিবারগুলির পাশে দাঁড়াতে গিয়েছিলাম। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দল নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে সাধ্য মতো ত্রাণ সামগ্রী তুলে দিয়েছি এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছি।
আমি প্রশাসনের কাছে স্পষ্ট দাবি জানিয়েছি— অবিলম্বে ঘরছাড়া পরিবারগুলির ত্রাণ ও পুনর্বাসনের জন্য কার্যকর সরকারি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর আগে পূর্ব মেদিনীপুর ১ ও ২ নম্বর সাংগঠনিক জেলা কংগ্রেস নেতৃত্ব এবং সংশ্লিষ্ট ব্লক কংগ্রেসের সভাপতিরাও এলাকায় গিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় আজ আমাদের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছয়।
দুঃখজনকভাবে, ফেরার পথে বিজেপির বিজয় মিছিল থেকে আমার গাড়িতে হামলা চালানো হয়। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় এবং কংগ্রেস প্রতিনিধি দলের গাড়িগুলিতে দফায় দফায় আক্রমণ করা হয়। এই ধরনের হামলা আমাদের গণতান্ত্রিক ও মানবিক দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারবে না।
মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব।
উল্লেখ্য, সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতা রোহন মিত্রও সরব হন এই বিষয়ে|
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত