
ফতেহপুর, ১৭ মে (হি.স.) : উত্তর প্রদেশের ফতেহপুর জেলায় রিন্দ নদীতে স্নান করতে নেমে ছয় যুবক তলিয়ে যায়। স্থানীয় ডুবুরিদের তৎপরতায় দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও চার যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালৌলি থানা এলাকার কুনুহা কা ডেরা গ্রামের কাছে রবিবার দুপুরে নয়জন যুবক রিন্দ নদীতে স্নান করতে গিয়েছিল। স্নানের সময় হঠাৎ নদীর তীব্র স্রোতে ছয়জন গভীর জলে তলিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও ডুবুরিরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। দু’জনকে জীবিত উদ্ধার করা হলেও চারজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম হাসিব (২২), শান মহম্মদ (২০), সাহিল (২০) এবং অংশ কুমার (২০)। সকলেই লালৌলি থানার অন্তর্গত তাপানি গ্রামের বাসিন্দা। অন্যদিকে, নীতিন ও মনুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। এলাকাজুড়েও শোকের পরিবেশ তৈরি হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জ্ঞান প্রকাশ রায় জানান, ইউপি ডায়াল ১১২ নম্বরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ডুবুরিদের সহায়তায় উদ্ধারকাজ চালায়। তিনি জানান, মৃতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ সংক্রান্ত নিয়মাবলি সম্পর্কে জানানো হয়েছে এবং বিষয়টি উপ-জেলাশাসককেও জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য