
কোটা, ১৭ মে (হি.স.) : রাজধানী এক্সপ্রেসের দুটি কোচে ভয়াবহ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। রবিবার ভোরে তিরুঅনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের (১২৪৩১) বি-১ এসি কোচ এবং তার পিছনে থাকা সেকেন্ড লাগেজ কাম গার্ড ভ্যানে আগুন লাগে। ঘটনাটি ঘটে কোটা ডিভিশনের লুনি রিছা ও বিক্রমগড় আলোট স্টেশনের মাঝামাঝি, মধ্যপ্রদেশ এলাকায়। তবে দ্রুত উদ্ধারকাজে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। কোনও প্রাণহানির খবর নেই, যদিও বহু যাত্রীর জিনিসপত্র পুড়ে গিয়েছে।
পশ্চিম মধ্য রেলের কোটা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সৌরভ জৈন জানান, বি-১ কোচে মোট ৬৮ জন যাত্রী ছিলেন। প্রথমে ট্রেনের গার্ড ধোঁয়া দেখতে পেয়ে লোকো পাইলটকে সতর্ক করেন। এরপরই ট্রেন থামিয়ে প্রায় ১৫ মিনিটের মধ্যে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। কিন্তু তার মধ্যেই আগুন পুরো কোচে ছড়িয়ে পড়ে এবং পরে লাগেজ ভ্যানেও পৌঁছে যায়।
রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর ৩টা ৪৫ মিনিট নাগাদ ট্রেনটি মধ্যপ্রদেশের রতলাম জংশন থেকে ছাড়ে। কোটা ছিল পরবর্তী নির্ধারিত স্টপেজ। রাজস্থানে ঢোকার আগেই বিক্রমগড় আলোট স্টেশনের কাছে এসি কোচে আগুন লাগে। পরে সেই আগুন লাগেজ কোচেও ছড়িয়ে পড়ে। সেখানে থাকা বহু যাত্রীর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়।
ঘটনার জেরে দিল্লি-মুম্বই রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন লাগা কোচ দু’টি আলাদা করা হয়। প্রায় দু’ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে যাত্রীদের অন্য কোচে স্থানান্তর করে প্রায় সাড়ে চার ঘণ্টা পর ট্রেনটি কোটার উদ্দেশে রওনা দেয়।
পশ্চিম মধ্য রেলের ডিভিশনাল রেল ম্যানেজার (ডিআরএম) অনিল কালরা জানান, এই ঘটনার জেরে আট থেকে দশটি ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। সকাল সাড়ে ৯টা নাগাদ ফের স্বাভাবিক হয় রেল চলাচল। যাত্রীদের সুবিধার্থে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।
দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ রাজধানী এক্সপ্রেস কোটা স্টেশনে পৌঁছয়। সেখানে বি-১ কোচের যাত্রীরা রেলের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত মালপত্রের ক্ষতিপূরণের দাবি তোলেন। রেলের তরফে ক্ষতিগ্রস্ত যাত্রীদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও, কয়েকজন যাত্রী তা নিতে অস্বীকার করেন এবং এফআইআর দায়েরের দাবি জানান। পরে ডিআরএম নিজে যাত্রীদের সঙ্গে জিআরপি থানায় যান।
উল্লেখ্য, এর আগেও ২৯ এপ্রিল ধৌলপুরে দুর্গ-লুধিয়ানা এক্সপ্রেসের একটি জেনারেল কোচে আগুন লাগার ঘটনা ঘটেছিল।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য