
ঝাড়গ্রাম, ১৭ মে (হি.স.) : পেট্রল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সামান্য বচসা থেকে উত্তেজনা ছড়াল ঝাড়গ্রামে। অভিযোগ, দুই যুবক বন্দুক দেখিয়ে এক ব্যক্তিকে মারধর করে পালিয়ে যায়। ঘটনার প্রতিবাদে রবিবার ঝাড়গ্রাম ব্লকের শালবনি এলাকায় কিছু সময়ের জন্য পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে পুরাতন ঝাড়গ্রামের একটি পেট্রল পাম্পে তেল নিতে যান জয়দেব মাহাতো ও তাঁর এক সঙ্গী। অভিযোগ, তাঁরা পাঁচশো টাকার নোট দিয়ে ফেরত টাকার অপেক্ষা করছিলেন। সেই সময় পিছনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা দুই যুবক দ্রুত সরে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। এই নিয়েই দু’পক্ষের মধ্যে বচসা বাধে।
অভিযোগ, পরে জয়দেবরা ঝাড়গ্রাম-জামবনি রাস্তা ধরে ধরমপুরের দিকে যাওয়ার সময় একলব্য বিদ্যালয়ের সামনে ওই দুই যুবক তাঁদের পথ আটকায়। অভিযোগ, একজন বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং অন্যজন তাঁদের মারধর করে। এরপর অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার পর জয়দেব মাহাতো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
এদিকে, ঘটনার প্রতিবাদে শালবনি এলাকায় স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গোপীবল্লভপুরের বিধায়ক রাজেশ মাহাত। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তিনি বলেন, “এলাকার দুই যুবককে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছে। জঙ্গলমহলের শান্তি নষ্ট করার চেষ্টা বরদাস্ত করা হবে না।”
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো