এক দশক পর কেরলমে ক্ষমতায় কংগ্রেস, সোমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভিডি সতীশন
নয়াদিল্লি, ১৭ মে (হি.স.) : কেরলমের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিতে চলেছেন ভিডি সতীশন। এর মধ্য দিয়ে এক দশক পর ফের কেরলমের ক্ষমতায় ফিরছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)। এর আগে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত কংগ্রেস
এক দশক পর কেরলে কংগ্রেসের ক্ষমতায় ফেরা, সোমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভিডি সতীশন


নয়াদিল্লি, ১৭ মে (হি.স.) : কেরলমের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিতে চলেছেন ভিডি সতীশন। এর মধ্য দিয়ে এক দশক পর ফের কেরলমের ক্ষমতায় ফিরছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)। এর আগে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত কংগ্রেসের ওমেন চান্ডি কেরলমের মুখ্যমন্ত্রী ছিলেন। তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

রাজধানী তিরুঅনন্তপুরমে শপথ গ্রহণের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ পর্যায়ে পৌঁছেছে। জানা গিয়েছে, ভিডি সতীশনের সঙ্গে গোটা মন্ত্রিসভাও শপথ নিতে পারে। ইউডিএফের শরিক দলগুলির মধ্যে মন্ত্রিত্ব বণ্টন ও মন্ত্রীর সংখ্যা নিয়ে একাধিক বৈঠক চলছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় এক লক্ষ মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। কংগ্রেস এই অনুষ্ঠানকে বড় রাজনৈতিক শক্তিপ্রদর্শন হিসেবেও দেখছে। অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কর্ণাটক ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

১৪০ আসনের কেরলম বিধানসভায় ইউডিএফ ১০২টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মধ্যে কংগ্রেস একাই জিতেছে ৬৩টি আসন। গত দশ বছর ধরে সিপিআই(এম)-নেতৃত্বাধীন এলডিএফ জোট কেরলমের ক্ষমতায় ছিল।

মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গত প্রায় দশ দিন ধরে দিল্লি ও কেরলমে জোর রাজনৈতিক আলোচনা চলছিল। শেষ পর্যন্ত কংগ্রেস হাইকমান্ড ভিডি সতীশনের নামেই সম্মতি দেয়। সূত্রের খবর, রাহুল গান্ধীর বাসভবনে কেসি বেণুগোপালের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সতীশনের নাম চূড়ান্ত হয়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীও ঐকমত্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। পাশাপাশি রাহুল গান্ধী প্রবীণ নেতা রমেশ চেন্নিথলার সঙ্গেও কথা বলেন। পরে মুকুল ওয়াসনিক, অজয় মাকেন, জয়রাম রমেশ এবং দীপা দাশমুন্সি-সহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা খাড়গের বাসভবনে বৈঠক করেন এবং সেখানে আনুষ্ঠানিকভাবে ভিডি সতীশনের নাম ঘোষণা করা হয়।

১৯৬৪ সালে কোচির কাছে নেট্টুরে জন্মগ্রহণ করেন ভিডি সতীশন। পেশায় আইনজীবী সতীশন ছাত্র রাজনীতি থেকেই নিজের রাজনৈতিক জীবন শুরু করেন। কেরল স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ) এবং পরে যুব কংগ্রেসের মাধ্যমে ধীরে ধীরে তিনি কেরলম রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন। তাঁকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে. করুণাকরণের ঘনিষ্ঠ হিসেবেও ধরা হয়।

১৯৯০-এর দশকে প্রথমবার পরভুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচন লড়ে পরাজিত হলেও পরে ২০০১ সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। এরপর ২০০৬, ২০১১, ২০১৬, ২০২১ এবং ২০২৬ সালেও জয় পেয়ে টানা ষষ্ঠবারের জন্য বিধায়ক হন তিনি।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরভুর কেন্দ্র থেকে ৭৮ হাজার ৬৫৮ ভোট পেয়ে সিপিআই প্রার্থী ইটি টাইসন মাস্টারকে ২০ হাজার ৬০০ ভোটে পরাজিত করেন ভিডি সতীশন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর স্বচ্ছ ভাবমূর্তি, প্রখর বক্তৃতাশৈলী এবং সংগঠন পরিচালনার দক্ষতাই তাঁকে কেরলমের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ করে তুলেছে।

রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের প্রথম ১০০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়ের মধ্যেই প্রশাসনিক দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের ধরণ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande