
কাংপোকপি (মণিপুর), ১৭ মে (হি.স.) : আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে চলমান আন্দোলন আরও তীব্র করে কুকি-জো অধ্যুষিত এলাকাগুলিতে চলমান বন্ধ আরও ৪৮ ঘণ্টার জন্য বাড়িয়ে দিয়েছে ‘কুকি ইনপি মণিপুর’ নামের সামাজিক সংগঠন। ‘কুকি ইনপি মণিপুর’-এর নেতারা জানিয়েছেন, সেনাপতি জেলায় আটকে রাখা থাকা বাকি কুকি-জো জিম্মিদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে সরকারের ওপর চাপ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ রবিবার কাংপোকপি জেলা সদর দফতরে অনুষ্ঠিত এক বিশাল বিক্ষোভ কর্মসূচির পর এই ঘোষণা করা হয়েছে। সেখানে হাজার হাজার কুকি-জো পুরুষ, মহিলা, যুবক ও প্রবীণ অংশ নিয়ে ১৪ জন সাধারণ নাগরিকের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি এবং তিনজন কুকি-জো চার্চ নেতার হত্যার বিচার দাবি করেন।
বিক্ষোভ মিছিলটি নুটে কৈলহাং এলাকা থেকে শুরু হয়ে কাংপোকপি শহর পেরিয়ে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত যায়। আন্দোলনকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে জিম্মিদের মুক্তি এবং সরকারের কাছে জমা দেওয়া দাবি সনদ কার্যকর করার দাবিতে স্লোগান দেন।
‘কুকি ইনপি মণিপুর’-এর নেতৃত্বে আয়োজিত এই আন্দোলনে কুকি-জো সম্প্রদায়ের একাধিক সামাজিক সংগঠনও যোগ দিয়েছে। পরে বিক্ষোভকারীরা ব্রিগেডিয়ার এম থমাস গ্রাউন্ডে সমবেত হন। সেখানে ‘কুকি ইনপি মণিপুর’-এর তথ্য সম্পাদক জাংহাওলুন হাওকিপ বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস