
হুগলি , ১৭ মে (হি.স.) : রবিবার পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষকে সংবর্ধনা জানালেন এলাকার স্বাস্থ্যকর্মীরা। পুরশুড়ার দলীয় কার্যালয়ে ফুলের তোড়া, উত্তরীয় ও মিষ্টিমুখের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
এদিন বিভিন্ন এলাকার স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। বিধায়ককে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁরা নিজেদের কর্মক্ষেত্রের একাধিক সমস্যার কথাও তুলে ধরেন। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থেকে কাজ করতে গিয়ে কী ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয় বলে জানা যায়।
স্বাস্থ্যকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন বিমান ঘোষ। তিনি আশ্বাস দিয়ে বলেন, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদের সমস্যা সমাধানের জন্য তিনি সর্বতোভাবে পাশে থাকার চেষ্টা করবেন। ভবিষ্যতেও তাঁদের দাবি ও সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট মহলে তুলে ধরবেন বলেও জানান তিনি।
বিধায়কের এই আশ্বাসে স্বাস্থ্যকর্মীদের একাংশ সন্তোষ প্রকাশ করেন। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA