
গুয়াহাটি, ১৭ মে (হি.স.) : হোজাই থেকে নাগপুরের উদ্দেশে যাত্রা করার আগে গুয়াহাটির বড়বাড়িতে অবস্থিত সংঘের উত্তর-পূর্বাঞ্চলের সদর দফতর সুদর্শনালয়-এ কিছু সময় বিশ্রাম করতে এসেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসংঘচালক ডা. মোহন ভাগবত। সে সময় সুদর্শনালয়-এ এসে সরসংঘচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
হোজাইয়ে অনুষ্ঠিত সংঘের ‘কার্যকর্তা বিকাশ বর্গ’ (দ্বিতীয় বর্ষ প্রশিক্ষণ শিবির) থেকে আজ রবিবার সকাল প্রায় ১১টা নাগাদ সুদর্শনালয়-এ আসেন আরএসএস-এর সরসংঘচালক ডা. মোহন ভাগবত। এখানে মধ্যাহ্ন ভোজন এবং কিছুক্ষণ বিশ্রাম করে নাগপুরের উদ্দেশে যাত্রার জন্য বেলা তিনটা নাগাদ লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হন তিনি।
এদিকে সুদর্শনালয়-এ সরসংঘচালকের অবস্থানকালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। কুশল বিনিময় সহ প্রায় ১৪ মিনিট তাঁদের মধ্যে বার্তালাপ হয়েছে। জানা গেছে, বার্তালাপে কোনও রাজনৈতিক বিষয় ছিল না। ছিল না সংঘের পদাধিকারী কিংবা কার্যকর্তাদের সঙ্গে বৈঠক বা অন্য কোনও কার্যক্রম।
প্রসঙ্গত, গত ১১ মে থেকে হোজাইয়ের সংস্কার মন্দির প্রকল্পে সংঘের কুড়ি দিবসীয় ‘কার্যকর্তা বিকাশ বর্গ’ (দ্বিতীয় বর্ষ প্রশিক্ষণ শিবির) শুরু হয়েছে। ১ জুন বর্গ-এর সমারোপ অনুষ্ঠান।
সংঘের দ্বিতীয় বর্ষ প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতে গত ১৩ মে বিকালে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সোজা হোজাই চলে যান সরসংঘচালক ডা. ভাগবত। ১৪, ১৫ এবং ১৬ মে পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী ১০৩ জন স্বয়ংসেবকের সামনে বৌদ্ধিক পেশ করেছেন তিনি।
প্রশিক্ষণ শিবিরে উত্তর অসম, দক্ষিণ অসম, ত্রিপুরা, মণিপুর এবং অরুণাচল, এই পাঁচ প্রান্ত থেকে স্বয়ংসেবক অংশগ্রহণ করছেন। এঁদের মধ্যে উত্তর অসম থেকে ৫৬ জন, ত্রিপুরা থেকে ২০ জন, মণিপুর থেকে ১৩ জন, দক্ষিণ অসম থেকে আটজন এবং অরুণাচল থেকে ছয়জন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস