
হুগলি , ১৭ মে (হি.স.) : গোঘাট বিধানসভার নবনির্বাচিত বিধায়ক প্রশান্ত দিগারকে ঘিরে রবিবার সেলামপুরে উৎসবের আবহ তৈরি হয়। সেলামপুরের ভূমিপুত্র প্রশান্ত দিগারের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে ফুল, মালা, উত্তরীয় ও শুভেচ্ছায় ভাসিয়ে দেওয়া হয় তাঁকে।
সেলামপুর-সহ আশপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দা, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং গ্রামের “ষোল আনা” মিলে এই সংবর্ধনা অনুষ্ঠানকে এক মহামিলনের রূপ দেয়। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে মানুষের ঢল নামে। প্রবীণ থেকে যুব সমাজ, মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
ঢাক-ঢোল, আবির ও করতালির মধ্যে মঞ্চে পৌঁছন প্রশান্ত দিগার। তাঁকে ঘিরে সমর্থকদের উন্মাদনা ছিল তুঙ্গে। বহু মানুষ ফুলের তোড়া ও শুভেচ্ছা বার্তা নিয়ে উপস্থিত হন তাঁদের প্রিয় বিধায়ককে অভিনন্দন জানাতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশান্ত দিগারের সহধর্মিনী ও পরিবারের অন্যান্য সদস্যরাও। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও আবেগঘন করে তোলে। মঞ্চে একের পর এক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিত্ব বিধায়ককে সংবর্ধনা জানান এবং এলাকার উন্নয়নের জন্য তাঁর পাশে থাকার আশ্বাস দেন।
সংবর্ধনা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রশান্ত দিগার। তিনি বলেন, “এত মানুষের ভালোবাসা ও আশীর্বাদ আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আমি গোঘাটের মানুষকে সঙ্গে নিয়েই উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই। মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও জানান, গোঘাট বিধানসভায় শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা ও পানীয় জলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের সমস্যা সমাধানে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন বলেও আশ্বাস দেন।
এই সংবর্ধনা অনুষ্ঠান শুধু একজন বিধায়ককে শুভেচ্ছা জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং গোটা এলাকার মানুষের ঐক্য, আবেগ ও ভালোবাসার এক বিরল ছবি তুলে ধরেছে। সেলামপুরের মাটিতে এদিন কার্যত জনসমুদ্রে পরিণত হয় সংবর্ধনা সভা, যা আগামী দিনে গোঘাটের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে বিশেষ তাৎপর্য বহন করবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA