
শ্রীরামপুর, ১৭ মে (হি.স.) : শ্রীরামপুরে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এবার সরব হলেন শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। রবিবার শ্রীরামপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালকে কেন্দ্র করে একটি মেডিকেল কলেজ গড়ে তোলার চেষ্টা করবেন। পাশাপাশি ঐতিহ্যবাহী শ্রীরামপুর কলেজকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন।
হুগলি জেলার সেবক সংঘের আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাস্কর ভট্টাচার্য বলেন, “শ্রীরামপুর শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান। এখানে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় হলে সাধারণ মানুষ যেমন উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন, তেমনই এলাকার ছাত্রছাত্রীরাও উচ্চশিক্ষার আরও বড় সুযোগ পাবে।”
তিনি আরও বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গে “ডাবল ইঞ্জিন সরকার” থাকায় উন্নয়নের গতি আরও বাড়বে এবং দীর্ঘদিনের একাধিক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। সেই কারণেই শ্রীরামপুরের উন্নয়নের স্বার্থে এই দুই গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে তিনি সংশ্লিষ্ট মহলে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।
বিধায়কের এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় চর্চা শুরু হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে এই উদ্যোগ বাস্তবায়িত হলে শ্রীরামপুর তথা হুগলি জেলার মানুষের জন্য তা বড় প্রাপ্তি হবে বলেই মনে করছেন স্থানীয়রা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA