
হাফলং (অসম), ১৮ মে (হি.স.) : জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ এবং কিশোরীদের সময়মতো টিকাকরণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এইচপিভি টিকাকরণ অভিযান সম্পর্কিত হাফলঙে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে ডিমা হাসাও জেলা স্বাস্থ্য বিভাগের কার্যালয়ে। বৈঠকে জানানো হয়েছে, ডিমা হাসাও জেলায় এইচপিভি টিকাকরণ অভিযান ১৭ মার্চ থেকে শুরু হয়েছে, অভিযান চলবে তিনমাস।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-অধিকর্তা ডা. সারসিং রংপি জানান, হিউম্যান প্যাপিলোমাভাইরাস একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা পরবর্তীতে মহিলাদের জরায়ুমুখ ক্যানসারের কারণ হতে পারে। এই ক্যানসার মহিলাদের জরায়ুর নীচের অংশে হয়। এটি মূলত কিছু নির্দিষ্ট ধরনের এইচপিভি ভাইরাসের দীর্ঘস্থায়ী সংক্রমণের ফলে হয়, যা সাধারণত সংস্পর্শের মাধ্যমে ছড়ায়।
জেলা টিকাকরণ আধিকারিক ডা. মেরিনা চাংসন সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষকে সঠিক তথ্য প্রচার, গুজব ও ভুল ধারণা দূরীকরণ এবং উপযুক্ত বয়সি মেয়েদের এইচপিভি টিকা গ্রহণে উৎসাহিত করার জন্য সক্রিয় সহযোগিতার আহ্বান জানান। তিনি জানান, টিকাগুলি নিরাপদ সংরক্ষণ ও সঠিক বিতরণের জন্য কোল্ড চেইন পয়েন্টের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। সব সরকারি হাসপাতালে বিনামূল্যে এই টিকা প্রদান করা হচ্ছে।
ডা. নেনেই রাংখল এইচপিভি ভাইরাস কীভাবে ছড়ায় সে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, এই সংক্রমণ সাধারণত ঘনিষ্ঠ ত্বক-সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, এইচপিভি সংক্রমণের প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনও উপসর্গ দেখা যায় না। তাই সচেতনতা, স্ক্রিনিং এবং টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান এই অভিযানের আওতায় ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের এইচপিভি টিকা প্রদান করা হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, এই টিকা নিরাপদ, কার্যকর এবং স্বাস্থ্য কর্তৃপক্ষ অনুমোদিত। পাশাপাশি জানান, এই টিকা জরায়ুমুখ ক্যানসারের অধিকাংশ ক্ষেত্রে দায়ী এইচপিভি ভাইরাসের ধরণগুলির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে।
বৈঠকে আরও জানানো হয়ে, এই অভিযান সফলভাবে এগিয়ে চলছে এবং পাহাড়ি জেলায় ১,৪৩২ জন ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের লক্ষ্যমাত্রাভুক্ত উপভোক্তার মধ্যে ইতিমধ্যেই ৩৩২ জনকে টিকার আওতায় আনা হয়েছে। শিক্ষা বিভাগ, আশা কর্মী, এএনএম এবং গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির মাধ্যমে এই অভিযান বাস্তবায়ন করা হচ্ছে।
অভিভাবক, বিদ্যালয়, সমাজের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের কর্মীদের কিশোরী ও মহিলাদের সুস্থ ভবিষ্যতের জন্য এইচপিভি টিকাকরণ কার্যক্রমে সক্রিয় সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন ডা. মেরিনা চাংসন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব