
লখিমপুর খেরি, ১৮ মে (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় ভ্যান ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জনের। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে সিসাইয়া-লখিমপুর জাতীয় সড়কে একটি ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
লখিমপুর থেকে সিসাইয়া যাওয়ার পথে উঁচগাঁও এবং ভরহেতা গ্রামের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। ধৌরাহরা সার্কেল অফিসার শামশের বাহাদুর সিং জানান, আহতদের দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জেলাশাসক অঞ্জনি সিং জানিয়েছেন, দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টা নাগাদ লখিমপুর-বাহরাইচ মহাসড়কে একটি ট্রাক ও ভ্যানের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা। উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ