
দক্ষিণ ২৪ পরগনা, ১৮ মে (হি.স.): রবিবার রাতে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পুত্র অর্ঘ্য মণ্ডল-সহ পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অর্ঘ্যকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ রয়েছে।
বিরোধীদের উদ্দেশে হুমকিসুলভ মন্তব্য করার অভিযোগে দিলীপ মণ্ডলকেও খুঁজছে পুলিশ। অভিযোগ, এক ভিডিয়োয় অন্য দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকিসুলভ মন্তব্য করেছেন দিলীপ। ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিলেও পুলিশ দিলীপকে পায়নি।
রবিবার রাতে বিধায়ক-পুত্রের সন্ধানে যৌথ অভিযানে নেমেছিলেন রাজ্য পুলিশের টাস্ক ফোর্স (এসটিএফ) এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকেরা। অর্ঘ্য-সহ পাঁচ জনকে বকখালি-ফ্রেজারগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে যে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে, এই লেখা পর্যন্ত দিলীপের হদিশ মেলেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত