অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অসম সরকারের
গুয়াহাটি, ১৮ মে (হি.স.) : সাম্প্রতিক পরিস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে উদ্ভূত উদ্বেগের পরিপ্রেক্ষিতে রাজ্যের মূল্য পর্যবেক্ষণ ব্যবস্থা পর্যালোচনা করে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে একাধিক পদক্ষেপ ঘোষণা
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠক


গুয়াহাটি, ১৮ মে (হি.স.) : সাম্প্রতিক পরিস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে উদ্ভূত উদ্বেগের পরিপ্রেক্ষিতে রাজ্যের মূল্য পর্যবেক্ষণ ব্যবস্থা পর্যালোচনা করে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে একাধিক পদক্ষেপ ঘোষণা করেছে অসম সরকার।

আজ সোমবার মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক পর্যালোচনা বৈঠকে সরকার সমস্ত জেলাশাসককে আগামী তিন থেকে চার দিনের মধ্যে জেলা-স্তরের মনিটরিং কমিটির বৈঠক আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের সব খুচরো ও পাইকারি দোকানকে এখন থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরো মূল্য স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। সরকার সতর্ক করে জানিয়েছে, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তাঁদের ট্রেড লাইসেন্সও বাতিল করা হতে পারে।

বাজার পর্যবেক্ষণ আরও জোরদার করতে জেলাশাসক, চেম্বার অব কমার্স এবং বণিক সংগঠনগুলির সঙ্গে নিয়মিত সাপ্তাহিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি চিহ্নিত ও রোধ করতে স্থলপর্যায়ে নজরদারি এবং পরিদর্শন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এলপিজি সিলিন্ডার বিতরণ সংক্রান্ত সমস্যাবলি সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের আধার সংযুক্তিকরণ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। সরকার জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের উদ্বেগ দূর করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande