শ্রীভূমিতে শিশু পাচার রোধে সচেতনতা
শ্রীভূমি, (অসম) ১৬ মে (হি.স.) : শিশু পাচার রোধে জনসচেতনতা বাড়াতে “নীরব আর্তনাদ: শিশু পাচারের অমানবিক সত্য উন্মোচন” শীর্ষক বিশেষ সতর্কবার্তা জারি করেছে শ্রীভূমি শ্রম আধিকারিকের কার্যালয়। শ্রম কল্যাণ বিভাগের উদ্যোগে প্রকাশিত এই বার্তায় শিশু পাচারে
শ্রীভূমিতে শিশু পাচার রোধে সচেতনতা


শ্রীভূমি, (অসম) ১৬ মে (হি.স.) : শিশু পাচার রোধে জনসচেতনতা বাড়াতে “নীরব আর্তনাদ: শিশু পাচারের অমানবিক সত্য উন্মোচন” শীর্ষক বিশেষ সতর্কবার্তা জারি করেছে শ্রীভূমি শ্রম আধিকারিকের কার্যালয়। শ্রম কল্যাণ বিভাগের উদ্যোগে প্রকাশিত এই বার্তায় শিশু পাচারের ভয়াবহ দিক তুলে ধরে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু পাচার বর্তমানে বিশ্বের অন্যতম জঘন্য সংগঠিত অপরাধ। পাচারকারীরা সাধারণত ভালো চাকরি, উন্নত শিক্ষা কিংবা বিয়ের প্রলোভন দেখিয়ে দরিদ্র ও অসহায় পরিবারের শিশুদের টার্গেট করে। পরে সেই শিশুদের জোরপূর্বক শ্রম, যৌন শোষণ কিংবা অবৈধ দত্তকের মতো অমানবিক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, দারিদ্র্য, অশিক্ষা ও অসচেতনতার সুযোগ নিয়েই এই অপরাধচক্র সক্রিয় হয়ে ওঠে। তাই শিশু পাচার রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। কোনো এলাকায় অস্বাভাবিক সংখ্যক শিশুর উপস্থিতি, শিশুদের আতঙ্কগ্রস্ত বা অপুষ্ট অবস্থায় দেখা গেলে তা সন্দেহজনক হিসেবে বিবেচনা করে দ্রুত প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

শিশু পাচারের কোনো সন্দেহজনক ঘটনা নজরে এলে অবিলম্বে নিকটস্থ থানায় খবর দেওয়ার পাশাপাশি টোল-ফ্রি চাইল্ডলাইন নম্বর ১০৯৮-এ ফোন করার জন্য শ্রীভূমি শ্রম আধিকারিকের কার্যালয় থেকে সর্বসাধারণের প্রতি আবেদন জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande