
কলকাতা, ১৮ মে (হি.স.): পার্ক সার্কাসে রবিবারের উত্তেজনাকর পরিস্থিতির পর, সোমবার দুপুরে কলকাতা পুলিশের দক্ষিণ-পূর্ব (সাউথ-ইস্ট) ডিভিশন পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি সশরীরে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং সংলগ্ন এলাকায় পৌঁছান এবং সটান চলে যান ডিসিপি (সাউথ-ইস্ট) ডিভিশনের দফতরে। সেখানে গতকাল উন্মত্ত জনতার ভাঙচুর ও পাথর বৃষ্টির ঘটনায় যে সমস্ত পুলিশকর্মী আহত হয়েছিলেন, তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেন। আলাপচারিতার ফাঁকে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি কর্তব্যরত অফিসার ও পুলিশকর্মীদের সাহসিকতার প্রশংসা করে তাঁদের উৎসাহিত করেন তিনি। সেখানে পৌঁছালে মুখ্যমন্ত্রীকে 'গার্ড অফ অনার' সম্মান প্রদর্শন করা হয়।
এই পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ (আইপিএস) এবং লালবাজারের শীর্ষ পদস্থ আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। বৈঠকে সংশ্লিষ্ট এলাকার বর্তমান পরিস্থিতি এবং শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের গৃহীত পদক্ষেপগুলি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
অন্যদিকে, এই কঠিন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর এই সংক্ষিপ্ত সফর, দিকনির্দেশনা এবং পুলিশকর্মীদের মনোবল বাড়াতে উৎসাহব্যঞ্জক বক্তব্যের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকেও তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত