
রানীনগর, ১৮ মে (হি. স.):-সরকারি আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের রানীনগরে গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। ধৃতের নাম হরিপ্রসন্ন মণ্ডল। তিনি চর রাজাপুর পঞ্চায়েত এলাকার বুথস্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন বলে জানা গিয়েছে। সোমবার তাঁকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে পুলিশ ৭ দিনের হেফাজতের আবেদন জানায়।পুলিশ সূত্রে খবর, ২০২১ সালে বাংলা আবাস যোজনার তালিকা প্রকাশের পর প্রায় ১৫০টি পরিবারের কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার নামে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় বলে অভিযোগ। দীর্ঘদিন কেটে গেলেও ঘর না পাওয়ায় ক্ষোভ বাড়ছিল এলাকায়। সম্প্রতি গ্রামবাসীরা একত্রিত হয়ে রানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ।স্থানীয় বাসিন্দা সুনীতা রজক মণ্ডল অভিযোগ করেন, অনেক পরিবার ঋণ নিয়ে টাকা দিতে বাধ্য হয়েছিল। পাঁচ বছর পরেও ঘর না মেলায় এখন তাঁরা সুদ-সহ টাকা ফেরতের দাবি তুলেছেন। একই অভিযোগ করেছেন অনিমা মণ্ডল ও রবি রাম মণ্ডল।অন্যদিকে, ধৃত নেতার পরিবারের দাবি, দলের ওপরমহলের চাপেই এই টাকা সংগ্রহ করা হয়েছিল। পুরো ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়