
মুম্বই, ১৮ মে (হি.স.): সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর একটি দল সোমবার মহারাষ্ট্রের লাতুর শহরে অবস্থিত রেনুকাই কেমিস্ট্রি ক্লাসেস (আরসিসি)-এর মালিক শিবরাজ রঘুনাথ মোতেগাঁওকরকে নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস মামলায় গ্রেফতার করেছে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সিবিআই এই মামলার তদন্ত চালাচ্ছে।
সোমবার সিবিআই সূত্রে জানা গেছে, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মোতেগাঁওকরের জড়িত থাকার অভিযোগের তথ্য পাওয়ার পরই তদন্ত শুরু হয়। সেই সূত্র ধরে রবিবার সিবিআই আরসিসি কোচিং সেন্টারের অফিস এবং মোতেগাঁওকরের বাড়িতে তল্লাশি চালায়। এরপর প্রায় ১১ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি সিবিআইয়ের প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর দিতে না পারায় অবশেষে সোমবার তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, মোতেগাঁওকর নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ও তা ছড়ানোর সঙ্গে জড়িত একটি সংগঠিত চক্রের সক্রিয় সদস্য ছিলেন। অভিযোগ, তিনি অন্যান্য অভিযুক্তদের সঙ্গে মিলে ২৩ এপ্রিল ২০২৬ সালের পরীক্ষার আগেই নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র সংগ্রহ করেন। এরপর তিনি সেই প্রশ্নপত্র বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেন বলেও অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষা ৩ মে ৫৫১টি ভারতীয় শহর এবং ১৪টি বিদেশি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল। পরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা বাতিল করা হয় এবং তদন্তের জন্য সিবিআই মামলা দায়ের করে। এই মামলায় এর আগে একাধিকজন গ্রেফতার হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন পুণের জীববিজ্ঞানের শিক্ষক মণীষা গুরুনাথ মন্ধারে–সহ আরও কয়েকজন, যারা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র প্রশ্নপত্র তৈরি কমিটির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস