
কলকাতা, ১৮ মে (হি.স.): রাজ্যে বিজেপি শাসিত নতুন সরকারের ভূমিকা এবং প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তীব্র সমালোচনা করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। সোমবার বিধান ভবনে (কংগ্রেসের সদর দফতর) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বর্তমান সরকারের একপেশে নীতির বিরুদ্ধে সোচ্চার হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এই সাংবাদিক সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি কৃষ্ণা দেবনাথ এবং সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় প্রমুখ।
কংগ্রেস নেতৃত্বের মূল বক্তব্য হলো, রাজ্যে দীর্ঘদিনের ক্ষমতা বদল ঘটে শাসনভার তৃণমূল কংগ্রেসের হাত থেকে ভারতীয় জনতা পার্টির কাছে এসেছে। এমন এক পরিস্থিতিতে বর্তমান সরকারের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর ভূমিকা সম্পূর্ণ নিরপেক্ষ হওয়া বাঞ্ছনীয়। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। এই দাবিতে সরব হয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে কংগ্রেস।
সাংবাদিক সম্মেলনে শুভঙ্কর সরকার অভিযোগ তুলে বলেন, “বিধানসভা নির্বাচন মিটতেই বালিগঞ্জ বিধানসভা এলাকার তিলজলায় বুলডোজার নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে বেআইনি নির্মাণ ভাঙার পদক্ষেপ করেছে প্রশাসন। কিন্তু বড়বাজার বা নিউ মার্কেট এলাকার মতো জায়গায় একই ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন?” তিনি প্রশ্ন তোলেন, কেন কেবল একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এই ধরণের একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে? কংগ্রেসের স্পষ্ট অবস্থান, সরকারের কোনও পদক্ষেপ নিয়ে আপত্তি নেই, তবে তা করতে হবে সব পক্ষকে নিয়ে আলাপ-আলোচনা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। একপেশে ও পক্ষপাতমূলক উচ্ছেদ নীতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত