
মালদা, ১৮ মে (হি. স.):-মালদা জেলায় পৃথক দুটি অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। একদিকে কোটি টাকার মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, অন্যদিকে চোরাই মোটরবাইক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার ইমামজায়গীরের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় একটি গোপন ডেরায় হানা দেয় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে তিন কেজিরও বেশি মাদক তৈরির কাঁচামাল এবং ৩২৭ গ্রাম প্রস্তুত ব্রাউন সুগার উদ্ধার হয়। একইসঙ্গে উদ্ধার হয়েছে দুটি ৭ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড কার্তুজ। ঘটনায় বাড়ির মালিক শাহাদাত শেখ ও তার সঙ্গী ইব্রাহিম শেখকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হলে পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন জানায়।সোমবার সাংবাদিক বৈঠকে মালদার পুলিশ সুপার অনুপম সিং জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার হয়েছে। মাদক পাচারের সঙ্গে আগ্নেয়াস্ত্র মজুতের যোগ খতিয়ে দেখা হচ্ছে।অন্যদিকে, ইংরেজবাজার এলাকায় রাজ্য সড়কের ধারে একটি ধাবার কাছে অভিযান চালিয়ে রাজিকুল ইসলাম ওরফে সাহিল, তৌফিক শেখ এবং আমিন শেখ নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরবাইক উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি বাইক বিহার থেকে চুরি করে আনা হয়েছিল। ধৃতদের জেরা করে চক্রের সঙ্গে অন্য রাজ্য ও বাংলাদেশি দুষ্কৃতীদের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়