
কলকাতা, ১৮ মে (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ১৪৪-ফলতা বিধানসভা কেন্দ্রে সম্পূর্ণ ভয়মুক্ত ও অবাধ পরিবেশে ভোটদানের পক্ষে জোর সওয়াল করল নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম ‘এক্স’ (টুইটার)-এর অফিশিয়াল হ্যান্ডেলে কমিশনের তরফে জারি করা এক বার্তায় সাধারণ ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং উৎসবের মেজাজে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের (সিইও) দফতর থেকে স্পষ্ট করা হয়েছে, আগামী ২১ মে, বৃহস্পতিবার এই কেন্দ্রে নতুন করে ভোট গ্রহণ (পুনর্নির্বাচন) প্রক্রিয়া সম্পন্ন হবে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ফলতা বিধানসভা কেন্দ্রের সমস্ত বুথেই পুনর্নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মনে আত্মবিশ্বাস ও সচেতনতা ফিরিয়ে আনতেই মূলত এই ধরণের বিশেষ প্রচার চালানো হচ্ছে। রাজ্য পুলিশের ইভিএম এবং বুথ সুরক্ষাজনিত কড়া নজরদারির মাঝে, ‘ভোটের পর্ব, পশ্চিমবঙ্গের গর্ব’ স্লোগানকে সামনে রেখে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক তথা মিডিয়া ইনচার্জ অরিন্দম নিয়োগী জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার সকাল ৭টা থেকে এই কেন্দ্রের সমস্ত বুথে ভোট গ্রহণ শুরু হবে এবং তা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বর্তমানে ফলতা এলাকায় নির্বাচনী আদর্শ আচরণবিধি (এমসিসি) কঠোরভাবে বলবৎ রয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশন সদা তৎপর। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষের ভোটদান সুনিশ্চিত করতে কমিশনের যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বস্ত করে আরও জানানো হয়েছে যে, ভোটারদের ভোটাধিকারের গোপনীয়তা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত