পুরনিয়োগ তদন্ত: ইডির দফতরে হাজির দক্ষিণ দমদমের প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়
কলকাতা, ১৮ মে (হি. স. ) : পুরনিয়োগ দুর্নীতির মামলার তদন্তে এ বার দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকালে তাঁকে ডেকে পাঠানো হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে। সেখানে হাজিরা দেন ত
পুরনিয়োগ তদন্ত: ইডির দফতরে হাজির দক্ষিণ দমদমের প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়


কলকাতা, ১৮ মে (হি. স. ) : পুরনিয়োগ দুর্নীতির মামলার তদন্তে এ বার দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকালে তাঁকে ডেকে পাঠানো হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে। সেখানে হাজিরা দেন তিনি।

সূত্রের খবর, পুরসভার নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরনিয়োগ মামলায় সম্প্রতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি বর্তমানে ইডির হেফাজতেই রয়েছেন। সে ক্ষেত্রে পাচুবাবুকে সুজিতবাবুর মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর।

পুরনিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটে পাচুর নাম রয়েছে। পুরনিয়োগ মামলার তদন্তের সূত্রে পাচুবাবুকে অতীতেও সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। হাজিরাও দিয়েছিলেন তিনি। যদিও অতীতে পাচুবাবু দাবি করেছিলেন, তিনি কোনও টাকা নেননি। তাঁকে ‘হেনস্তা’ করার জন্যই ডাকা হয়েছিল বলে ওই সময়ে দাবি করেছিলেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান।

দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিষয়েই উঠে এসেছে সুজিত বসুর নাম। তদন্তে নেমেই তাঁকে গ্রেফতার করেন ইডির আধিকারিকেরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার ঘটনায় তাঁকে তলব করা হয়েছিল। ইডি সূত্রে আরও জানা যায়, ওই তালিকায় কম বেশি ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। তাঁদের নাম সুপারিশ করার বিনিময়ে সুজিতবাবু অন্যায্য সুবিধা নিয়েছিলেন বলেও ইডি সূত্রে দাবি করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande