
ভুবনেশ্বর, ১৮ মে (হি.স.): কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রকের উদ্যোগে মঙ্গলবার ওড়িশার ভুবনেশ্বরে পূর্বাঞ্চল আঞ্চলিক কৃষি সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় কৃষি, কৃষককল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রী, পদস্থ আধিকারিক, বৈজ্ঞানিক, কৃষক প্রতিনিধিবৃন্দ, কৃষি বিশেষজ্ঞ এবং অন্যান্য অংশীদাররা এতে যোগ দেবেন। সম্মেলনে আলোচনা হবে কৃষক নিবন্ধীকরণের অগ্রগতি, বাগিচা শিল্পের সম্ভাবনা, ডালশস্য উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য অর্জন, ভোজ্যতেল ও তৈলবীজ সংক্রান্ত জাতীয় মিশন, পিএম-আশা, প্রাকৃতিক চাষ নিয়ে জাতীয় মিশন (এনএমএনএফ), কৃষিঋণ এবং কিষাণ ক্রেডিট কার্ড সংক্রান্ত মিশন।
উল্লেখ্য, এই সম্মেলনের উদ্দেশ্য হল, কৃষিক্ষেত্রের সামগ্রিক উন্নয়ন, কৃষকদের উপার্জন বৃদ্ধি এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়কে আরও শক্তিশালী করা। এই সম্মেলনে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রকের কর্মসূচির পর্যালোচনা করা হবে। পাশাপাশি, কৃষিক্ষেত্র সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কৃষিক্ষেত্রে নানান রাজ্যের সফল উদ্ভাবনী উদ্যোগকে এই সম্মেলনে তুলে ধরা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ