
শিলিগুড়ি, ১৮ মে (হি. স.):-খুব শীঘ্রই উদ্বোধনের পথে শিলিগুড়ির বর্ধমান রোডের নবনির্মিত ফ্লাইওভার। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সোমবার ফ্লাইওভারের ট্রায়াল রান সম্পন্ন করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। এদিন যান চলাচলের উপযোগিতা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়।শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা-র নির্দেশে ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা, ট্রাফিক বিভাগের আধিকারিক ও পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা ফ্লাইওভারটি বিস্তারিতভাবে পরিদর্শন করেন। কোথায় ট্রাফিক সিগন্যাল বসানো হবে এবং কোথায় রাস্তা ডাইভার্ট করা যেতে পারে, তা নিয়ে আলোচনা হয়।পরিদর্শনের পর ছোট গাড়ি থেকে বড় যানবাহন পর্যন্ত বিভিন্ন ধরনের গাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে চালিয়ে ট্রায়াল রান করা হয়। এর মাধ্যমে যান চলাচলের পরিস্থিতি এবং ফ্লাইওভারের কার্যকারিতা পরীক্ষা করা হয়।সূত্রের খবর, দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হওয়ার পর শংকর ঘোষ দ্রুত ফ্লাইওভার চালুর বিষয়ে আবেদন জানান। আগামী ২০ মে উত্তরবঙ্গ সফরে আসছেন শুভেন্দু অধিকারী। সেদিনই তাঁর হাত ধরে ফ্লাইওভারের উদ্বোধন হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়