
গোয়ালিয়র, ১৮ মে (হি.স.) : মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার সাগরতাল এলাকায় সোমবার ভোরে একটি ফোম ও গাড়ির সিট তৈরির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়ঙ্কর আকার ধারণ করায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বিভাগের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, সোমবার ভোর প্রায় ৫টা নাগাদ গুদামটিতে আগুন লাগে। সেখানে গাড়ির সিট তৈরির জন্য বিপুল পরিমাণ ফোম এবং দাহ্য পদার্থ মজুত ছিল। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। আগুনের লেলিহান শিখা দেখে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। এরপরই পুলিশ ও দমকল বিভাগে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুরানি ছাওয়ানি থানার পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশ প্রথমেই গুদামের আশেপাশের বাড়িগুলি খালি করে দেয়, যাতে কোনও প্রাণহানির ঘটনা না ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এই আগুন আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারত। কারণ ঘটনাস্থল থেকে মাত্র কয়েকটি বাড়ির দূরত্বে একটি পেট্রোল পাম্প এবং অন্যদিকে একটি অনুষ্ঠান–স্থল (ম্যারেজ গার্ডেন) রয়েছে। দমকল কর্মীদের তৎপরতায় সময়মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনার পর ফের শহরের আবাসিক এলাকায় বেআইনিভাবে থাকা বাণিজ্যিক গুদামগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, ঘনবসতিপূর্ণ এলাকায় ফোম ও স্ক্র্যাপের মতো দাহ্য পদার্থের গুদামে নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনের চোখের সামনেই সেগুলি চলছে।
তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস