
জগদলপুর, ১৮ মে (হি.স.) : রায়পুর থেকে কোন্টাগামী একটি যাত্রিবাহী বাস ছত্তিশগড়ের বস্তার জেলায় দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এই ঘটনায় এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। আহত অন্তত ২২ জন।
সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাত সাড়ে ৩টা নাগাদ বালেঙ্গার কাছে জাতীয় সড়ক ৩০-এ দুর্ঘটনাটি ঘটে। রায়পুর থেকে কোন্টার উদ্দেশে রওনা দেওয়া রয়্যাল ট্রাভেলসের বাসটিতে প্রায় ৩৪ জন যাত্রী ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার উপর উল্টে যায়।
দুর্ঘটনার জেরে বাসের ভিতরে চাপা পড়ে পদ্মণি চন্দ্রবংশী নামে এক মহিলা যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। জানা গিয়েছে, তিনি কোন্টা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষিকা ছিলেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও এসডিআরএফের দল। দীর্ঘ উদ্ধারকাজ চালিয়ে এসডিআরএফ কর্মীরা বাসের ভিতর থেকে মহিলার দেহ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস