
ওসলো, ১৮ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ওসলোর রয়্যাল প্যালেসে নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন। বৈঠককালে দুই রাষ্ট্রপ্রধান ভারত ও নরওয়ের মধ্যে দীর্ঘকাল ধরে চলে আসা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধানমন্ত্রী কার্যালয় (পিএমও) সূত্রে জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ভারতের ১৪০ কোটি জনগণের পক্ষ থেকে নরওয়ের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সে দেশের প্রাকৃতিক সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, ভারত ও নরওয়ের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক গণতন্ত্র, আইনের শাসন এবং জনমুখী শাসনব্যবস্থার মতো যৌথ মূল্যবোধের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে, যা দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।
এদিনের বৈঠকে দুই দেশের পক্ষ থেকেই নতুন প্রযুক্তি ও উদ্ভাবন সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় ও নরওয়েজিয়ান সংস্থাগুলির প্রশংসনীয় কাজকর্ম নিয়ে আলোচনা হয়। আগামী দিনে এই বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতাকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়েও দুই রাষ্ট্রপ্রধান কথা বলেন।
বৈঠক শেষে রাজা পঞ্চম হ্যারাল্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন। নরওয়ে রাজপরিবারের এই উষ্ণ আতিথেয়তার জন্য তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
হিন্দুস্থান সমাচার / সোনালি