অসমে জ্বালানি তেল ও এলপিজি সরবরাহ স্বাভাবিক, আতঙ্কিত না হওয়ার আহ্বান আইওসির
গুয়াহাটি, ১৮ মে (হি.স.) : অসমে জ্বালানি তেল এবং লিকুইইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারে কোনও ঘাটতি নেই, স্বাভাবিক রয়েছে এই সব পেট্রোলিয়াম সামগ্রীর সরবরাহ, জানিয়েছেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড কর্তৃপক্ষ আজ সোমবার তেল শিল্প সংস্থা জা
জ্বালানি তেল_প্রতিনিধিত্বমূলক চিত্র


গুয়াহাটি, ১৮ মে (হি.স.) : অসমে জ্বালানি তেল এবং লিকুইইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারে কোনও ঘাটতি নেই, স্বাভাবিক রয়েছে এই সব পেট্রোলিয়াম সামগ্রীর সরবরাহ, জানিয়েছেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড কর্তৃপক্ষ

আজ সোমবার তেল শিল্প সংস্থা জানিয়েছে, পেট্রোল, ডিজেল এবং লিকুইইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সহ অত্যাবশ্যক পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ অসম জুড়ে স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রয়েছে। জ্বালানি সরবরাহ নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান।

অসমে তেল শিল্পের স্টেট লেভেল কো-অর্ডিনেটরের পক্ষ থেকে জারিকৃত এক বিবৃতিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, রাজ্যের সমস্ত সরবরাহ কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ জ্বালানির মজুত রাখা হয়েছে, স্থিতিশীল রয়েছে সামগ্রিক সরবরাহ পরিস্থিতি।

কর্তৃপক্ষ জানিয়েছেন, সরকারি তেল বিপণন সংস্থাগুলি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড পর্যাপ্ত জ্বালানি মজুত বজায় রেখেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, টার্মিনাল ও ডিপো থেকে শুরু করে খুচরো বিক্রয় কেন্দ্র পর্যন্ত জ্বালানি সরবরাহ ব্যবস্থা কোনও ধরনের বিঘ্ন ছাড়া দক্ষতার সঙ্গে কাজ করছে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড কর্তৃপক্ষ জানান, জ্বালানির মজুত নিয়মিত পর্যবেক্ষণ করার পাশাপাশি রাজ্যজুড়ে সরবরাহের কাজও নির্বিঘ্নে চলছে। তেল সংস্থাগুলি আরও জানিয়েছে, গৃহস্থালী গ্রাহকদের জন্য এলপিজি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, এতে কোনও প্রভাব পড়েনি।

সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা না করার আবেদন জানিয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, সবাই যেন স্বাভাবিক ব্যবহার বজায় রাখেন এবং জ্বালানি সরবরাহ সংক্রান্ত সঠিক তথ্যের জন্য শুধুমাত্র তেল বিপণন সংস্থাগুলির সরকারি ঘোষণার উপর নির্ভর করেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande