
শিলিগুড়ি, ১৮ মে (হি.স.): ভারত-নেপাল সীমান্তের কাছে সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা একটি বড়সড় সাফল্য পেলেন। খড়িবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে দুটি দেশি পিস্তল ও একটি ম্যাগাজিন সহ এক নেপালি নাগরিককে গ্রেফতার করেছে রানীডাঙ্গার এসএসবি টিম। ধৃত ব্যক্তির নাম নবীন থাপা মগর (৩১)। তিনি নেপালের কাঁকরভিটার বাসিন্দা।
এসএসবি-র পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার দুপুরে ‘ই’ কোম্পানির কাঁদোমনী জোতের কুইক রেসপন্স টিম এনএইচ-৩২৭-এর ভালুকগড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। সেই সময় সন্দেহভাজন ওই নেপালি নাগরিককে আটকে তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে দুটি দেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত ব্যক্তি বিহারের কিষাণগঞ্জের গলগলিয়া বাজার থেকে অস্ত্র নিয়ে দার্জিলিং জেলার পানিট্যাঙ্কিতে পৌঁছে দেওয়ার কাজ করছিলেন। এই অস্ত্র পাচারের বিনিময়ে তাঁকে মোটা টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এসএসবি-র পক্ষ থেকে ধৃত অভিযুক্ত এবং উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি