
জলপাইগুড়ি, ১৮ মে (হি. স.) : এলাকার স্বাস্থ্য পরিষেবার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন রাজগঞ্জের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক দীনেশ সরকার। এই পরিদর্শন চলাকালীন হাসপাতালের কর্মী সংকট, নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামোগত একাধিক খামতির বিষয় সামনে এসেছে।
এদিন বিধায়কের এই কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিডিও সৌরভকান্তি মণ্ডল, বিএমওএইচ ডঃ রাহুল রায় সহ বিভিন্ন দফতরের আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিজেপি নেতা-কর্মীরা। বিধায়ক হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলে পরিষেবার খোঁজখবর নেন।
হাসপাতালে পৌঁছলে বিধায়ককে স্বাগত জানান বিএমওএইচ ডঃ রাহুল রায় এবং নার্সিং স্টাফরা। এরপরই হাসপাতালের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা তাঁর কাছে বিস্তারিতভাবে তুলে ধরা হয়। হাসপাতালের সিস্টার-ইন-চার্জ সবিতা সরকার বিধায়ককে জানান, বর্তমানে এই হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে। এর পাশাপাশি সাফাই কর্মী এবং গ্রুপ-ডি স্টাফের জরুরি প্রয়োজন।
পরিদর্শন শেষে বিধায়ক দীনেশ সরকার বলেন, হাসপাতালের সবকটি বিভাগ ঘুরে দেখা হয়েছে। আপাতত পরিষেবা সন্তোষজনক হলেও কিছু খামতি নজরে এসেছে। কর্মীসংকট দূর করা, আধুনিক এক্স-রে মেশিনের ব্যবস্থা, পানীয় জলের সুবন্দোবস্ত এবং হাসপাতাল ভবনের মেরামতির মতো বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। হাসপাতালের এই সমস্ত সমস্যা সমাধানের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সোনালি